বগুড়ার সারিয়াকান্দিতে ভারী বৃষ্টিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস
গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দির পৌর এলাকায়
বাঙালি নদীর তীর সংরক্ষণ বাঁধের কাজের ব্লক ধসে গেছে এবং সেখানে বিশালাকার গর্তের
সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বেশ কয়েকটি বসতবাড়ি বাঙালি নদীতে বিলীন
হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে
বৃষ্টিতে সদর ইউনিয়নের একটি সড়কের একাংশ ধসে গেছে। এটির দ্রুত সংস্কার কাজ চায়
এলাকাবাসী।
নদীভাঙনের হাত থেকে রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজ
সম্পন্ন করা হয়েছে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে বাঙালি সেতুর উত্তর পাশে
হিন্দুকান্দি গ্রামের শিল্পপাড়া এলাকায় নদীতীর সংরক্ষণ কাজের ধসের সৃষ্টি হয়েছে।
সেখানে ১০ মিটার এলাকার আরসিসি ব্লক ধসে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে।
দুইটি বসতবাড়ির পাকা মেঝেতে ফাটল ধরেছে। এতে আতঙ্কিত হয়েছেন এলাকাবাসী। বৃষ্টির
পানির স্রোতে এভাবে ভাঙন অব্যাহত থাকলে বেশকিছু পাকা বসতবাড়ি বাঙালি নদীতে বিলীন
হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেখানে
ধসের ফলে একমাত্র সড়কেরও একাংশ ভেঙে গেছে। ফলে সড়ক দিয়ে পৌর এলাকার হিন্দুকান্দি
গ্রামের বাসিন্দারা যাতায়াত করতে পারছেন না। এখানে ভাঙন সৃষ্টি হওয়ায় হিন্দুকান্দি
গ্রামের মানুষ আতঙ্কে বসবাস করছেন।
এদিকে
ভারি বৃষ্টিপাতের কারণে উপজেলার সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের হাজিপাড়া এলাকায়
সড়কে ধসের সৃষ্টি হয়েছে। সেখানে ড্রেনের নীচের মাটি সরে গিয়ে বিশালাকার গর্তের
সৃষ্টি হয়েছে। সেখানে বেশকিছু পাকাবাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে। এখানে দ্রুত
মেরামতকাজ শুরু না করলে সারিয়াকান্দি হাটশেরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার
আশঙ্কা করছেন এলাকাবাসী। গত বছর এখানে ড্রেনের কাজ সমাপ্ত করা হলেও তা টিকসই না
হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
হিন্দুকান্দি
গ্রামের সাব্বির আহম্মেদ চম্পক বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে হিন্দুকান্দি গ্রামের
বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজের সিসি ব্লক ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
দুইটি আধাপাকা বাড়ির মেঝেতেও ফাটলের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত এখানে মেরামত কাজ না
করলে বাড়িগুলো বাঙালি নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সদর
ইউনিয়নের পারতিত পরল গ্রামের শাহেদ পারভেজ মিথুন বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে
আমাদের পাড়ার ড্রেনের একাংশ ভেঙে গেছে এবং রাস্তাও ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি
হয়েছে। গত কয়েকমাস আগের অপরিকল্পিতভাবে তৈরি করা ড্রেনগুলো ভেঙে গেছে। অতিদ্রুত
এখানে মেরামত কাজ না করলে সড়কের যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সারিয়াকান্দি
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, বাঙালি নদীর তীর সংরক্ষণ
কাজের যেখানে ধসের সৃষ্টি হয়েছে সেখানে মেরামত কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন
বোর্ডকে বলা হয়েছে। তারা সেখানে দ্রুত মেরামত কাজ শুরু করবেন। ধসে যাওয়া সড়ক দ্রুত
মেরামত করতে উপজেলা প্রকৌশল অফিসকে নির্দেশ প্রদান করা হবে।








