সিলেট যেন বিপিএলের অলঙ্কার

কবিতার মতো
প্রাত্যহিক জীবনেও রয়েছে ছন্দ ও অলঙ্কারের ব্যবহার। সেগুলো খেলার মাঠেও খুঁজে পাওয়া
যায়। ক্রিকেটে ছন্দের যোগান দেন ক্রিকেটাররা, আর অলঙ্কার পরানোর দায়িত্ব থাকে দর্শকদের
কাঁধে। এই দিক থেকে বিপিএল তার ছন্দ ও অলঙ্কার ফিরে পায় সিলেটের খেলায়। অন্তত একাদশ
বিপিএলের সিলেট পর্ব প্রায় শতভাগই সেই দিক থেকে সফল। হাত খুলে রান তুলেছেন ব্যাটাররা,
চার-ছক্কায় গ্যালারি ভেসেছে উল্লাসে। প্রতিনিয়ত মাঠে এসে সেই উল্লাসকে ভারি করে তুলেছেন
সিলেটের ক্রিকেট প্রেমীরা। গতকাল শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। এখন বিপিএল গড়াবে
চট্টগ্রামে। তার আগে দুটি পাতা একটি কুঁড়ির দেশে বিপিএল কেমন ছিল, সেটি এক নজরে দেখে
নেওয়া যাক।
দর্শকদের
কথা বিবেচনা করে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্সের খেলা সবচেয়ে বেশি রাখা হয়েছিল সিলেট
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আরিফুল হকের দল ৫টি ম্যাচ খেলেছে লাক্কাতুরায়। এখানে
মোট ম্যাচ ছিল ১২টি। মোট ম্যাচ ডে ছিল ছয়দিন। এর মধ্যে পাঁচদিনই স্ট্রাইকার্স বাহিনী
মাঠে নেমেছে। যে দিন সিলেটের ম্যাচ ছিল না, সেদিন ফরচুন বরিশাল-রংপুর রাইডার্সের মতো
বড় ম্যাচ ছিল। তাতে দর্শকেরা মাঠে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে। সাধারণত পছন্দের দল হারলে
দর্শকদের মনে আগ্রহ কমে আসে। কিন্তু সিলেটে এমনটি দেখা যায়নি। লাক্কাতুরায় প্রথম দুই
ম্যাচে সিলেট হারলেও দর্শক আগ্রহে ভাটা পড়েনি। গতকাল শেষ দিনের খেলায় সিলেট হেরেছে।
তবু গ্যালারি ভর্তি দর্শক দলটিকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়েছে।








