‘ইসকনের ব্যানারে আওয়ামী দোসররা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ইসকনের ব্যানারে আওয়ামী দোসররা দেশের বিভিন্নস্থানে হামলা চালিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। একই সঙ্গে স্বৈরাচার হাসিনা বিদেশিদের পায়ে ধরে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে।
শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর জোর দিয়ে সাকি বলেন, দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি।
সাকি আরও বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙেছেন। মানুষকে উপহার দিয়েছেন মুক্ত একটি দেশ। এ সময় আওয়ামী সরকারের আমলে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ এই শ্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা। এতে বিভাগের আট জেলার নেতা-কর্মীরা অংশ নেন। সংলাপে আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।








