ইসলামী ব্যাংক ও হাবের মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মতবিনিময় সভা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ সভা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার ও মো. মতিউল ইসলাম, পরিচালক হজ (যুগ্ম সচিব) মো. সাইফুল ইসলাম এবং হাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব ফারুক আহমদ সরদার।

 

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মাকসুদুর রাহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. ফরিদুল হক খান বলেন, ইসলামী ব্যাংক প্রতিবছর হজ ক্যাম্পে হাজিদের প্রয়োজনীয় সেবা দিয়ে থাকে। সাধারণ মানুষের হজের সংকল্প পূরণে সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি। এছাড়া দেশের ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি অনেক সামাজিক দায়িত্ব পালন করছে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, হাজিদের সুষ্ঠুভাবে হজ পালনে এজেন্সি মালিকদের অনেক দায়িত্ব রয়েছে। বিদেশের মাটিতে দেশের মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের সুনাম রক্ষায় হজ এজেন্সিগুলোর সেবার মান আরও বাড়াতে হবে।

সভাপতির বক্তব্য মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের হজ কার্ড ব্যবহার করে হাজি ও হজ এজেন্সি লেনদেন এবং নগদ উত্তোলন করতে পারবে।

 

তিনি বলেন, হাজিদের সুবিধা প্রদানে হাবের সদস্যদের জন্যও ব্যাংকের বিশেষ সেবা চালু রয়েছে।

 

সবাইকে ইসলামী ব্যাংকের হজ একাউন্ট সুবিধা নিতে আহ্বান জানান ব্যাংকটির সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।